ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বগুড়ায় জোড়া খুন: মোটর শ্রমিক নেতাসহ গ্রেপ্তার ৪

বগুড়া শহরে ঈদের রাতে (১৭ জুন) শরীফ ও রুমন হত্যার ঘটনায় মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠুসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তিনজনকে পুলিশ এবং একজনকে র‍্যাব গ্রেপ্তার করে।


মঙ্গলবার (১৮ জুন) শহরের বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (১৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. শাহীনুজ্জামান।এর আগে ওই দিন দিবাগত রাতে হত্যাকাণ্ডের ঘটনায় মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠুকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহত শরিফের মা হেনা বেগম।


মামলায় মিঠুর ছোট ভাই জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সৈয়দ সার্জিল আহমেদ টিপু, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহ মো. মেহেদী হাসান হিমুসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও অন্তত ১৫ জনকে।


মামলায় অন্য গ্রেপ্তারকৃতরা হলেন- সদরের সুলতানগঞ্জ পাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে ছাত্রলীগ নেতা আজবিন রিফাত (১৯), নিশিন্দারা খাঁপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে শেখ সৌরভ ও নিশিন্দারা পূর্বপাড়ার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে নাঈম হোসেন (২৮)। এরাও এজাহারের আসামি।


এজাহারে বলা হয়েছে, ঈদের দিন বিকেলে নামাজগড় থেকে হাকিরমোড়গামী নির্মাণাধীন রাস্তা দিয়ে যাওয়ার সময় নিহত রুমনের মোটরসাইকেল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ সার্জিল আহম্মেদ টিপুর গাড়িতে ধাক্কা লাগে। ওই গাড়িতে টিপুর মেয়ে ছিলেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে আসামিরা ওই দিন রাত ১২টায় শরিফ শেখ, রুমন, হোসাইনকে ঘটনাস্থল চকরপাড়ার জাহিদ মিয়ার ইউক্যালিপটাস বাগানে মীমাংসার কথা বলে ডেকে নিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়।


মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জামান জানান, ১৮ জুন দিবাগত রাত ১২টায় মামলাটি দায়ের করা হয়। ইতোমধ্যে মামলার আসামি হিসেবে ছাত্রলীগ নেতা রিফাতসহ তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।


র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বলেন, মঙ্গলবার সৈয়দ কবির আহম্মেদ মিঠুকে জিজ্ঞাসাবাদের জন্য কার্যালয়ে ডাকা হয়। এরপর তদন্ত শেষে রাত ৩টার দিকে তাকে গ্রেপ্তার দেখিয়ে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


এর আগে সোমবার রাত দেড়টায় নিশিন্দারা চকপাড়া এলাকার জাহিদ মিয়ার ইউক্যালিপটাস বাগানের গলিতে ওই এলাকার রুমন (১৭) ও শরিফকে (১৮) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই সময় তারা গোলাগুলির ঘটনাও ঘটায়। এ ঘটনায় নিহতদের বন্ধু একই এলাকার ছেলে হোসেন পায়ে গুলিবিদ্ধ হন।


পরে খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় এবং হোসেনকে চিকিৎসার জন্য ওই হাসপাতালে ভর্তি করা হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑